Blog

  • সিটিং সার্ভিস নামে বিপজ্জনক মোড়া সার্ভিস

    সিটিং সার্ভিস নামে বিপজ্জনক মোড়া সার্ভিস

    গাজীপুরের ঢাকা থেকে ময়মনসিংহ সিটিং সার্ভিস নামে মোড়ায় যাত্রী বহন করছে।

    এছাড়াও দূরপাল্লার বাসে আসনের বাইরে যাত্রী তুলতে যোগ হয়েছে মোড়া। যাত্রীর সংখ্যা বেশি হলেই দুই পাশের আসনের মাঝামাঝি ফাঁকা জায়গায় মোড়া পেতে যাত্রী তোলা হচ্ছে। এটি বিপদের কথা, মানছেন পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ। কিন্তু ঘুম ভাঙছে না নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর। এই প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির নেই।

    আবার যাত্রীরা বিরক্ত হলেও টার্মিনালে পরিবহন শ্রমিকদের ‘দাপটে’র কাছে তারা অসহায়। শ্রমিকরা কথা বলে ‘অপমান’ করে, কে জানে আবার গায়ে হাত তোলে কি না, এই আশঙ্কাতেও মুখ বুঝে থাকে তারা।

    আর যারা দ্রুত বাড়ি পৌঁছতে মোড়ায় চেপে যাচ্ছেন, তারাও উপেক্ষা করছে জীবনের ঝুঁকি। দ্রুতগামী বাস হঠাৎ ব্রেক কষলে ছিটকে পড়ে মাথায় যে প্রাণঘাতি আঘাত লাগতে পারে, সে আশঙ্কা গায়েই মাখছে না মোড়ায় চাপা যাত্রীরা।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্র এআরআই এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসাইন ঢাকাটাইমসকে বলেন, ‘বছরে দুই একবার এই রকম ঘটনা তারা (পরিবহন মালিকরা) করে। একেক কোম্পানির বাসের এক এক রকম আসন ডিজাইন আছে। এর বাইরে কিছু করলেই সেটা অবৈধ; এটা একটা অপরাধ।’

    ‘তারা অতি মুনাফার লোভে এটা করে থাকে। তাই যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তাদের মাথাব্যথা নেই।’

    ‘আমাদের দেশের রোডে এসব ফিটনেস দেখার মত তেমন কোন মনিটরিং নেই। ফলে ভয় পেয়ে যে তারা এসব বন্ধ করবে সেই ভয়টা তাদের মধ্যে নেই। এক্ষেত্রে যাত্রীদের সচেতন হতে হবে।’

    শুক্রবার থেকে লম্বা ছুটি শুরু হয়েছে। টানা নয় দিনে মাঝে সোম এবং বৃহস্পতিবার কার্যদিবস। এই দুই কার্যদিবসের একদিন ছুটি মিললেও পাঁচ থেকে ছয় দিন মিলবে ফুরসত।

    আর রোজার আগেই ঈদের মতো ছুটি পেয়ে যাওয়ায় রাজধানী থেকে বিভিন্ন এলাকায়, বিনোদনকেন্দ্র বা বাড়িমুখী মানুষের স্রোত শুরু হয় বৃহস্পতিবার রাত থেকেই।

    আর যাত্রী বেশি দেখে বাসে বসে গেছে মোড়া। এটি আইনত অবৈধ, মানছে বাস মালিক সমিতিও। তবে এভাবে ঝুঁকিপূর্ণ যাত্রী বহন বন্ধে তাদের কোনো ভূমিকাই নেই।

    উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়সহ বেশ কয়েকটি দূরপাল্লার বাসে এই মোড়া পাততে দেখা গেছে।

    কল্যাণপুরের একটি বাসের কাউন্টারের কর্মী বিপ্লব আহমেদ ঢাকাটাইমসকে জানান, বেশ কিছু বাসের মালিক ইঞ্জিন কভার ছাড়াও বাসের মধ্যে হাঁটার জায়গা কাঠের বা প্লাস্টিকের টুল বা মোড়া দিয়ে যাত্রী নিয়ে থাকে।

    ‘বিশেষ করে ঈদ বা দুই তিনদিনের ছুটিতে এগুলো বেশি দেখা যায়। অনলাইনে যারা টিকিট বিক্রি করে তারা এইগুলো করতে পারে না। তবে যারা কাগজে টিকিট বিক্রি করে তারা এসব কাজ করে থাকে।’

    এই কাজ মালিকদের ইন্ধন ছাড়া হওয়া সম্ভব নয় বলেই মনে করেন এই পরিবহন কর্মী। বলেন, ‘দূরপাল্লার পরিবহনের চেকার থাকে। বাসের যাত্রী বেশি থাকলে জরিমানা গুনতে হয়। তাই মালিকে ইন্ধন ছাড়া ওভাবে লোক নেওয়া হয় না।’

    ‘আর সব পরিবহনগুলো এসব করে না। মাঝারি ও নিন্মমানের দূরপাল্লার বাসগুলো এসব করে থাকে।’

    মোড়ায় টিকিটের দাম কিছুটা কম হলেও তা বলার মতো নয় বলেও জানান বিপ্লব আহমেদ।

    জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘টুল বা মোড়া দেয়ার কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। এগুলো মালিকের ইন্ধনে হতে পারে। তবে এসব বন্ধে মালিক সমিতি থেকে সব সময় নিষেধ করা হয়।’

    ‘আপনারা যদি নিষেধই করবেন, তাহলে এসব চলছে কীভাবে-এমন প্রশ্নে এনায়েতউল্লাহ বলেন, ‘কেউ যদি এমনটি করে থাকে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।’

    ‘এসব বন্ধে বিআরটিএ, ট্রাফিক বিভাগসহ বিভিন্ন সময় র‌্যাবের পক্ষ থেকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মালিক সমিতি এই বিষয়ে সব সময় কঠোর।’

    র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘বিভিন্ন সময় আমরা এই ধরনের অপরাধ বন্ধ করতে অভিযান পরিচালনা করে থাকি। তবে ঈদ এবং পূজার সময় সেগুলো বেশি হয়ে থাকে। তবে এই ধরনের ঘটনা ঘটলে আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা উচিত।’

    এ বিষয় জানতে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

  • আ. লীগের অভিযোগ: গাজীপুরে সন্ত্রাসী জড়ো করছে বিএনপি

    আ. লীগের অভিযোগ: গাজীপুরে সন্ত্রাসী জড়ো করছে বিএনপি

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিএনপি সন্ত্রাসীদের জড়ো করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

    দলের নেতাদের অভিযোগ, সরকারি সম্পদ ধংস এবং আগুনে মানুষ পুড়িয়ে নাশকতা মামলার দাগী অপরাধীদের সারাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি।

    এই অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অভিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতারা।

    বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

    এ সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

    সংবাদ সম্মেলন থেকে বিএনপি প্রার্থীদের প্রচারে বাধা দেয়াসহ নির্বাচন নিয়ে বিএনপির সকল অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করা হয়।

    নানক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা স্থানীয় জনগণের জন্য সেবামূলক প্রতিষ্ঠান। গাজীপুরের সেই প্রতিষ্ঠানে বিএনপির মেয়র নির্বাচিত হয়ে বিএনপির রাজনীতির কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করেছে। ওই এলাকার মানুষ সেবা পায়নি। তাই গাজীপুরের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করি তারা বিএনপির এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না।

    ভরাডুবি জেনে বিএনপি অপরাজনীতির পথ বেছে নিয়েছে দাবি করে তিনি বলেন, আমরা দেশবাসীকে বলতে চাই বিএনপির শাসন মানে লুটপাট, সন্ত্রাস ও দুর্নীতির অবসান। বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন সৃষ্টি করে যে সন্ত্রাস দুর্নীতি ও অপরাজনীতি করেছে এর জন্য দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

    ‘বিএনপি তাদের নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আমরা এই অপরাজনীতির তীব্র নিন্দা জানাই।’

    হাছান মাহমুদ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবির ভয়ে নির্বাচনকে বিতর্কিত করতে অযথাই নানা অভিযোগ করছে বিএনপি। বিএনপি হতাশাগ্রস্থ অবস্থা থেকে আবোল-তাবোল বকছে।

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে মাদক-অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

    ময়মনসিংহে মাদক-অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

    ময়মনসিংহে মাদক ও পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি পুলিশ) সদস্যরা। শহরের পুরোহিতপাড়ার বাসিন্দা মাসুদ পারভেজকে মঙ্গলবার বিকালে চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদ পারভেজের নিকট থেকে ১০০টি ইয়াবা ট্যাবেলেট, একটি পিস্তল, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

    ডিবির ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • বজ্রপাতের আধাঘণ্টা আগেই মিলবে সতর্ক সংকেত

    বজ্রপাতের আধাঘণ্টা আগেই মিলবে সতর্ক সংকেত

    বজ্রপাতের আগাম সংকেত দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ঝড়-বৃষ্টির সময় কোন জেলায় বজ্রপাত হতে পারে তা সুনির্দিষ্ট করে বলতে পারবে আবহাওয়া অফিস। এমনকি ১০ মিনিট থেকে আধাঘণ্টা আগে বজ্রপাতের সংকেত দেওয়া যাবে। এতে করে ওই এলাকার মানুষ নিরাপদ স্থানে চলে যাওয়ার সময় পাবে। ফলে বজ্রপাতে প্রাণহানি কমে আসবে দেশে।

    বজ্রপাতের আগাম সংকেত জানতে এরই মধ্যে দেশের আটটি স্থানে বসানো হয়েছে লাইটেনিং ডিটেকটিভ সেন্সর।

    স্থানগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, পঞ্চগড়ের তেঁতুলিয়া, নওগাঁর বদলগাছি, ময়মনসিংহ, সিলেট, খুলনার কয়রা এবং পটুয়াখালী। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, আটটি সেন্সরে পুরো দেশের চিত্র উঠে আসবে।

    একেকটি সেন্সরের রেঞ্জ ২৫০ কিলোমিটার। প্রতিটি সেন্সর থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত মনিটরিং করা যাবে। এক মৌসুমে (এপ্রিল থেকে জুন) দেশে কতবার বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয় সেটিও সংরক্ষণ করা হবে। তবে এখন সব চলছে পরীক্ষামূলকভাবে। চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তির যাত্রা শুরু হবে।

    আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, রেডিও, টেলিভিশন, ওয়েবসাইটে এখনো তারা বজ্রপাতের পূর্বাভাস দেন। তবে সেটি রাডার থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে দেওয়া হয়, যাতে বজ্রপাতের চিত্র সুস্পষ্টভাবে আসে না। এ ছাড়া এখন বজ্রপাতের তথ্য দেওয়া হয় জেলাওয়ারি। কিন্তু ডিটেকটিভ সেন্সরের মাধ্যমে সুনির্দিষ্ট এলাকার নামও বলা যাবে।

    কর্মকর্তারা স্বীকার করেছেন, আগে বজ্রপাতের প্রতি নজর ছিল কম। গুরুত্ব অনুধাবন করে এখন এর প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষ যদি সচেতন না হয়, সংকেত পাওয়ার পরও যদি ঝুঁকিপূর্ণ এলাকা না ছাড়ে তাহলে কোনো উদ্যোগই কাজে আসবে না।

    এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মার্চ এবং এপ্রিল এ দুই মাসে বজ্রাপাতে দেশে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রাঘাতে এপ্রিল মাসে ৫৮ জনের ও মার্চ মাসে ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৯ এবং ৩০ এপ্রিল এ দুই দিনে মারা গেছে ২৯ জন ।

    আবহাওয়ার নেতিবাচক পরিস্থিতিতে যে কোনও ধরণের দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রি এসব তথ্য দেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশের বজ্রপাত বিশ্ব রেকর্ড ও ইতিহাস সৃষ্টি করেছে। এ কারণে দেশের আটটি জেলায় বজ্রপাত রেকর্ডকরন মেশিন বসানো হয়েছে। জেলা ও স্থান হলো, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, পঞ্চগড়ের তেতুলিয়া, সাতক্ষীরার কয়রা, পটিুয়াখালি, নওগাঁর বদলগাছি।

  • শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

    শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

    গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়ির চাপায় রাকিব (২৫) নামের এক ডাম্প ট্রাক চালক নিহত হয়েছেন।
    নিহত রাকিব উপজেলার খোঁজেখানি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
    মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাওনা-শ্রীপুর সড়কের ভাংনাহাটি নিউহোপ কারখানার সামনে এ ঘটনা ঘটে। এসময় পোশাক কারখানার শ্রমিকবাহী গাড়িটি স্থানীয়দের সহায়তায় আটক করে শ্রীপুর থানা পুলিশ।
    শ্রীপুর থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান,মঙ্গলবার সন্ধ্যার সময় একটি ডাম্প ট্রাকের চাকা শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি এলাকায় বিকল হয়। এসময় গাড়ির চালক রাকিবও তার সহযোগী মিলে চাকা মেরামতের সময় শ্রীপুরগামী একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

  • শ্রীপুরে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ

    শ্রীপুরে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ

    গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে মঙ্গলবার বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক ও পৌর শ্র্রমিকলীগ।

    জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর পৌর শাখার সভাপতি লিটন ফকির ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এড. জামিল হাসান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ। সভা শেষে একটি র‌্যালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে।

  • শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

    শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

    গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুরগামী ডেমু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান (৩৫) নামের এক কাঁচাফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ১লা মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লোহাগাছ সাতরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আব্দুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে বৈরাগীরচালা গ্রামের নুর মোহাম্মদের বাড়িতে ভাড়া থেকে শ্রীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ফল ক্রয় করে ঢাকায় সরবরাহ করত।

    নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর ষ্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, নিহত আব্দুর রহমান আজ দুপুরে লোহাগাছ এলাকার বিভিন্ন বাড়ি থেকে কাঁচা আম ক্রয় করে লোহাগাছ সাতরাস্তা মোড় সংলগ্ন রেল লাইনে বসে ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে জয়দেবপুর গামী ডেমু ট্রেনের নীচে কাটা পড়ে নিহত হয়। এতে তার শরীরের একাংশ লোহাগাছ পড়লেও অর্ধাংশ বিন্দুবাড়ী গিয়ে পড়ে। এঘটনায় নিহতের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

  • পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে

    পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে

    দীর্ঘ দুই মাস পর আজ থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় আবার মাছ ধরা শুরু হচ্ছে। পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রমে গত দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা গতকাল সোমবার শেষ হয়েছে।

    গত দুই মাস জাটকা সংরক্ষণে নদীতে তত্পর ছিল নৌ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচেতন জেলেরা এ সময়ে মাছ ধরা থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আবার নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। নদীতীরে জাল বুনে আর নৌকা মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছে তারা। জেলেদের প্রত্যাশা, জাটকা সংরক্ষণের কারণে এবার অনেক বেশি ইলিশ ধরা পড়বে।

    চাঁদপুর জেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা প্রায় ৮০ হাজার। গত দুই মাসে শুধু চাঁদপুরের নদী এলাকায় ১৩০টি অভিযানে ১৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সাড়ে ১১ হাজার কেজি জাটকা ও সাড়ে ২৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে দুই শতাধিক জেলেকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

    বেকার জেলেদের মার্চ-এপ্রিলসহ আরো দুই মাস খাদ্য সহায়তা দেওয়ার কথা জানালেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। প্রতি জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা জানান তিনি।

    চাঁদপুর বিভাগের নৌ পুলিশ সুপার সুব্রত হালদার জানান, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিলসহ বছরজুড়ে নৌ পুলিশ তৎপর থাকবে।

    ইলিশ গবেষক ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের ফলে এ বছর ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। গত বছর উৎপাদনের এ হার ছিল চার লাখ ৯৫ হাজার মেট্রিক টন।

    প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ২২ দিন এবং জাটকা সংরক্ষণে আরো মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছিল সরকার।

  • মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

    মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

    কারিশ্মা শাহ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কারিশ্মা এবং তাঁর স্বামী কৃষ্ণ অভিষেক। কিন্তু কারিশ্মার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। এতদিনে প্রকাশ্যে সে কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশ্মা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গেছে। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১৪ বার ব্যর্থ হন। তার পর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।

    কারিশ্মার কথায়, ‘গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। মুড সুইং হত। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।’

    তবে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কারিশ্মা। তাঁর কথায়, ‘অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।’

    কারিশ্মা মনে করেন, সব কিছুই তাঁর জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তাঁর জীবন ভরিয়ে রেখেছে।

  • ভালুকায় ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৪

    ভালুকায় ট্রাকে বাসের ধাক্কা, চালকসহ নিহত ৪

    ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসচালকসহ চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন। ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হচ্ছেন- বাস চালক রুবেল হোসেন (২২), বাসযাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ফারুক আহম্মেদ (২৮), ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা তোফায়েল আহম্মেদ সরকার (২৫) ও অজ্ঞাত নারী যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের ইনচার্জ রকিবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভালকার হবিরবাড়ি সিডস্টোর বাজারের পাশে দাঁড়িয়ে থাকা পিলার ভর্তি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

    তিনি আরও জানান, আহত পাঁচজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন- ঘাটাইলের শাহ আলম (২৮), জামালপুরের জসীম উদ্দিন (৩০), মুক্তাগাছার নুর মোহাম্মদ (২৫), জোবায়ের (২২) ও আল আমিন (২৫)।

    এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে উদ্ধারে কাজ করছে।