রায়পুরে রাস্তা কেটে ও দেওয়াল তুলে ১০ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ।

সালমান মির্জা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৯নং উত্তর চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আখন বাড়িতে যাতায়াতের পথ রুদ্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রায় ১০টি পরিবার। স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে রাস্তা কেটে বিলের সাথে মিশিয়ে দেওয়া এবং দেওয়াল নির্মাণের মাধ্যমে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৪০ বছর ধরে তারা যে রাস্তাটি ব্যবহার করে আসছিলেন, স্থানীয় মিজান হাওলাদার সেটি কেটে বিলের সাথে মিশিয়ে দিয়েছেন। এর পাশাপাশি একই এলাকায় বাবুল হাওলাদার নামের আরেক ব্যক্তি রাস্তার ওপর দেওয়াল নির্মাণ করায় পথটি একেবারেই সরু হয়ে গেছে। বর্তমানে রাস্তাটির এমন বেহাল দশা যে, রিকশা বা মোটরসাইকেল চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে।
অবরুদ্ধ পরিবারের সদস্য মন্নান, বাচ্চু, আরিফ, শামছু, শাকিল, শাহিনুর বেগম ও হরুচ্ছা বেগম জানান, এই অমানবিক পরিস্থিতিতে তারা চরম আতঙ্কে রয়েছেন। কোনো পরিবারে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার উপায় নেই। এমনকি পরিবারের কারো মৃত্যু হলে লাশ বহনের মতো ন্যূনতম জায়গাটুকুও অবশিষ্ট নেই। বৃদ্ধ, নারী ও শিক্ষার্থীদের জন্য দৈনন্দিন চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে।
অভিযুক্ত বাবুল হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অপর অভিযুক্ত মিজান হাওলাদার বর্তমানে দেশের বাইরে থাকায় তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
এই সংকটের দ্রুত নিরসন ও চলাচলের রাস্তাটি পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *