রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেনের খারকিভ: ১০ জন নিহত, অন্ধকারে এক লাখ পরিবার

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ভয়াবহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৫ জনের বেশি মানুষ। শুক্রবার গভীর রাতে চালানো এই হামলায় শহরের একাধিক আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, শহরের শেভচেনকিভস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটির বেশ কয়েকটি তলা ধসে পড়ে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কেবল ওই ভবন থেকেই আটজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

খারকিভ সিটি মেয়র ইগোর তেরেখভ জানান, শহরের একাধিক স্থানে বিস্ফোরণের ফলে একটি স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পুরো শহরের প্রায় এক লাখ পরিবার হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ দ্রুত স্বাভাবিক করতে জরুরি বিভাগের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলস কাজ করছেন এবং ধ্বংসস্তূপ সরিয়ে সন্ধান চালাচ্ছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্পকারখানা ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে নিখুঁত নিশানাভিত্তিক হামলা চালিয়েছে। তাদের দাবি, সব নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিকে কাজে লাগিয়ে রাশিয়া সীমান্তসংলগ্ন ও প্রধান শহরগুলোতে বিমান হামলা তীব্র করেছে। জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি ডিপো ও সামরিক ঘাটিতে ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *