
শ্রীপুরের শ্রীপুর উপজেলা গেটের সামনে মাদরাসাছাত্রী ও তার পরিবারের ওপর হামলা, মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারসহ মাদরাসাগামী ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং ও বখাটেদের উৎপাত বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে ভাংনাহাটি বালিকা দাখিল মাদরাসার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
স্লোগানে উত্তাল মানববন্ধন মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘ইভটিজিং বন্ধ করো’, ‘অপরাধীদের উপযুক্ত শাস্তি চাই’ এবং ‘শিক্ষার্থীদের নিরাপত্তা দাও’ সংক্রান্ত বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড শোভা পায়। বক্তারা বলেন, মাদরাসায় যাওয়া-আসার পথে প্রতিনিয়ত ছাত্রীদের ইভটিজিং, কুপ্রস্তাব ও অশালীন গালিগালাজ সইতে হয়। এলাকায় মাদকসেবী ও বখাটেদের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাইদুর রহমান কাজল, ছামিলি আক্তার ও ছাত্রনেতা নাঈম শেখ। তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
হামলা ও ছিনতাইয়ের অভিযোগ এর আগে গত বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. সাইদুর রহমান (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, তার ১৩ বছর বয়সী মেয়ে ভাংনাহাটি বালিকা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদরাসায় যাতায়াতের সময় স্থানীয় কয়েকজন বখাটে তাকে প্রায়ই উত্ত্যক্ত ও গালিগালাজ করত। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের বাড়ির সামনে ওই শিক্ষার্থীকে পুনরায় অশালীন কথা বলা হয়। মেয়েটি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে এবং গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে শামীম আহাম্মেদ (৩৫), আবু কালাম (৪০)-সহ আরও ৪/৫ জন বখাটে তাদের ওপরও হামলা চালায়। এতে সাইদুর রহমান, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।
প্রশাসনের বক্তব্য ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঞা জানান, মানববন্ধনের বিষয়টি তাৎক্ষণিকভাবে তার জানা না থাকলেও লিখিত অভিযোগের কপি তিনি পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক 





















