বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনের ২০০ গজের মধ্যে রেলওয়ের জায়গায় অবৈধ অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে স্টেশন কার্যালয়ে নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনী উচ্ছেদ অভিযান চালানোর পর স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই তাণ্ডব চালায়।
দখলদারদের হাত থেকে বাঁচাতে ও চরম নিরাপত্তাহীনতার কারণে সোনাতলা রেল স্টেশনের সব ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম ‘ক্লোজড ডাউন’ (স্থগিত) ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ফলে স্টেশনটিতে টিকিট বিক্রি, ট্রেন ক্রসিং ও অফিশিয়াল সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রের খবর, সোনাতলা স্টেশন সংলগ্ন হরিজন পাড়া মন্দির ও রাস্তার পাশের ফাঁকা জমিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী ইটের পাইলিং করে ঘর ও দোকান নির্মাণের কাজ শুরু করেন।
অভিযোগ ওঠে, কোনো ধরনের প্রশাসনিক অনুমতি বা ছাড়পত্র ছাড়াই পাবলিক টয়লেট ও দোকান করার উদ্দেশ্যে তড়িঘড়ি করে অবকাঠামো দাঁড় করানো হচ্ছিল।
বিষয়টি নজরে এলে লালমনিরহাট ও বগুড়া রেলওয়ে বিভাগীয় ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে দায়িত্বরত স্টেশন মাস্টার রবিউল ইসলামকে খতিয়ে দেখতে বলা হয়।
ঘটনা সত্য প্রমাণ পেয়ে স্টেশন মাস্টার বিষয়টি লিখিত বার্তার মাধ্যমে বগুড়া জিআরপি ও আরএনবি-কে (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) অবহিত করেন।
রেল কর্মকর্তাদের মেসেজের ভিত্তিতে বগুড়া থেকে জিআরপি ও আরএনবি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে নির্মাণাধীন ৩টি খুঁটি ও পাইলিং গুঁড়িয়ে দেয়।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থান ত্যাগ করতেই ক্ষুব্ধ দখলদাররা স্টেশনে ঢুকে তাণ্ডব শুরু করে।
স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, অভিযান শেষ হওয়ার পরই স্বেচ্ছাসেবক দল নেতা ‘কৌটো বাবু’ এবং তার সহযোগী পারভেজ, শহিদুল, নয়নসহ ৩০-৪০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।
তারা স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং চরম গালাগাল করে কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়। ‘বার্তা কেন পাঠালি’—এই অভিযোগে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বেদম মারধর করা হয়।
এ সময় হামলায় দুই স্টেশন মাস্টার রবিউল ইসলাম ও আব্দুল মাজেদ, পয়েন্টসম্যান আব্দুর রহমান ও সাজ্জাদুর রহমান, বুকিং সহকারী মাসুম পারভেজ ও পোর্টার দুলাল হোসেন গুরুতর আহত হন।
হামলাকারীরা স্টেশন মাস্টারের কক্ষের কম্পিউটার, টিকিট কাউন্টারের সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে বিপুল ক্ষয়ক্ষতি করে।
চিত্রধারণের চেষ্টা করায় আইডব্লিউ অফিসের এক কর্মচারীর ফোন কেড়ে নিয়ে ছবি মুছে দেওয়া হয়।
ঘটনার পর রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় সদর দপ্তরের নির্দেশে নিরাপত্তার অভাবে স্টেশনটি সাময়িকভাবে ক্লোজড ডাউন ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় থানা ও বগুড়া জিআরপি থানায় নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বগুড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন বলেন, “রেলওয়ের জমি দখলের খবর পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
কিন্তু উচ্ছেদের পরই দুর্বৃত্তরা সংগঠিত হয়ে স্টেশনে ঢুকে আমাদের কর্মকর্তাদের ওপর নৃশংস হামলা চালায়।
কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সোনাতলা স্টেশনের স্বাভাবিক অফিশিয়াল কার্যক্রম স্থগিত থাকবে।”

Leave a Reply