স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানীর কলাবাগানের বাসভবনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ। তিনি জানান, গতকাল বুধবার (১৯ আগস্ট) ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানান।
আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার সময়সীমায় প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
জেল সুপার আরও জানান, কারাবিধি অনুযায়ী কড়া পুলিশ পাহারা ও নিরাপত্তার মধ্য দিয়েই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।

Leave a Reply