গাজীপুরের শ্রীপুরে কৃষকদলের এক স্থানীয় নেতার ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলির বিকট শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে (আরএকে সিরামিক কারখানার সামনে) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নেতার নাম জজ মিয়া। তিনি ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতির দায়িত্বে আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে তিনি তার ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করেন এবং পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান।
গুলির শব্দ ও জজ মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply