: নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত দেশের ২৩তম রাষ্ট্রপতির এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ নীতিপ্রণেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতি থাকলেও সেখানে দেখা মেলেনি সাবেক রাষ্ট্রপতির। আমন্ত্রণ না পাওয়ায় ব্যক্তিগতভাবে দুঃখিত ও বিব্রত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে সদ্য শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতৃবৃন্দ এবং তিন বাহিনীর প্রধানগণ। তবে বঙ্গভবনের আসন তালিকায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নাম না থাকায় অনুষ্ঠান প্রাঙ্গণে তার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ জানতে চাইলে ক্ষোভ ও হাতাশা প্রকাশ করে মো. সাহাবুদ্দিন বলেন, “আমাকে অনুষ্ঠান সম্পর্কে কোনো অবহিত করা হয়নি এবং কোনো আমন্ত্রণপত্রও পাঠানো হয়নি। বিষয়টিতে আমি অত্যন্ত দুঃখিত ও বিব্রত। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই না।”
শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, “আমার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দুই পা ফুলে গেছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে বেশ কষ্ট হচ্ছে।” নিজের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। বঙ্গভবনের একজন কর্মকর্তা স্পষ্ট করেন, শপথ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও অতিথি তালিকা পরিচালনার দায়িত্বে ছিল মন্ত্রিপরিষদ বিভাগ, যেখানে বঙ্গভবন কেবল ভেন্যু হিসেবে কাজ করেছে। সরকারের নির্দেশনা না থাকায় সাহাবুদ্দিনের জন্য আসন সংরক্ষিত ছিল না।
উল্লেখ্য, জটিল স্বাস্থ্য সমস্যার কারণে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি অটোনমিক নিউরোপ্যাথিসহ বেশ কিছু জটিল রোগের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply