বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: ড্যাফোডিল প্লাজায় জাতীয় সংলাপ

দেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করতে প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডি পেরিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে আয়োজিত ‘A National Dialogue on TVET for a Skilled & Productive Bangladesh’ শীর্ষক জাতীয় সংলাপে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দূরদর্শী পরিকল্পনায় দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকার কারিগরি শিক্ষাক্ষেত্রের আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ পেশাজীবীদের চাহিদা অত্যন্ত ব্যাপক। আমাদের রেমিট্যান্স প্রবাহের প্রধান চালিকাশক্তি প্রবাসীরা। প্রবাসী কর্মীদের উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে পারলে জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

শিক্ষাকাঠামো জোরদারের অংশ হিসেবে দেশে নতুন করে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। এছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি সর্বাধুনিক মডেল প্রতিষ্ঠানে উন্নীত করতে পৃথক একটি বিশেষ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

আয়োজিত এই সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং এতে স্বাগত ভাষণ দেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *