জাতীয় পার্টির (আনিসুল ইসলাম মাহমুদ অংশ) কো-চেয়ারম্যান ও দলটির নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন সুনীল শুভ রায়। রোববার (২৩ আগস্ট) দলের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের অর্পিত ক্ষমতাবলে এবং দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে জাপার নির্বাহী চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তাকে এই নতুন দায়িত্বে ভূষিত করেন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সুনীল শুভ রায় পূর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, দলে তার দীর্ঘদিনের একনিষ্ঠ অবদান, দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সুনীল শুভ রায়কে এই জোড়া দায়িত্ব দেয়া হয়েছে। এই নতুন পথচলা জাতীয় পার্টির সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply