বেলা সাড়াতিনটা। সরকারি কর্মঘণ্টা শেষ হতে তখনও কিছুটা সময় বাকি। অথচ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের প্রধান ফটক বাহির থেকে তালাবদ্ধ। বাইরে থেকে বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মিলছিল না। অফিসের সামনে একটি ডাব দোকানে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তির কাছে বিষয়টি জানতে চাইলে রুবেল নামের এক স্থানীয় মধ্যস্বত্বভোগী বলেন, ‘হুজুর তো ভেতরে ঘুমাচ্ছেন।’
মঙ্গলবার দুপুরে সরেজমিন এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়।
ডাকাডাকি করে কাউকে না পেয়ে রুবেল নামের ওই ব্যক্তি সংবাদকর্মীকে ভূমি কর্মকর্তার ব্যক্তিগত মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে রুবেল নিজেই কেচিগেটের তালা খুলে ভেতরে গিয়ে কর্মকর্তা তুলে দেন। কিছুক্ষণ পর তিনি এসে বলেন, ‘ভেতরে আসুন, স্যারের ঘুম ভেঙেছে।’
পরে ভেতরে প্রবেশ করে দেখা যায়, ঘুম থেকে জেগে টেবিলে বসেছেন এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি কাজের সময় নির্ধারিত থাকলেও এলেঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের মূল ফটক অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। অফিসের সামনে কয়েকটি দোকানে নিয়মিত কিছু দালালের আনাগোনা দেখা যায়।
এই ভূমি অফিসের অধীনে ২৪টি মৌজা রয়েছে এবং এর আওতায় বিপুল পরিমাণের সরকারি সম্পত্তি রয়েছে। এলাকায় জমির দর চড়া হওয়ায় প্রতিনিয়ত জমি কেনাবেচা ও নামজারির কাজ চলে। তবে সরাসরি এসে সেবা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের উপস্থিতি বেশ কম। ভুক্তভোগীদের দাবি, দালাল ছাড়া সরাসরি গেলে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। অন্যদিকে, চুক্তি করে দালালের মাধ্যমে গেলে দ্রুত কাজ শেষ হয়ে যায়।
অনুসন্ধানে দেখা যায়, এই অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২০২১ সালের নভেম্বর থেকে দায়িত্ব সামলাচ্ছেন মো. শফিকুল ইসলাম। দীর্ঘ দিন ধরে এ পদে স্থায়ী কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।
সরকারি কাজের সময়ে গেট বন্ধ রাখা ও ঘুমানোর বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ‘গেটে তালা দেওয়া থাকলেও ভেতরে দাপ্তরিক কাজ চলছিল।’ একই পদে দীর্ঘ দিন দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, ‘এখানে নতুন কেউ না আসায় আমাকেই দায়িত্ব পালন করতে হচ্ছে।’
তবে অফিসে দালালের দৌরাত্ম্যের বিষয়টি অস্বীকার করেন তিনি, যদিও সরেজমিন তাঁর কক্ষের ঠিক বাইরেই কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা গেছে।

Leave a Reply