হারিয়ে যাওয়া ছাগলের পিছু নিতে গিয়ে নদীর তীরে স্থানীয় কয়েকজন নারীকে সোনা খুঁজতে দেখেন কেনিয়ার ৩৩ বছর বয়সী ছাগলপালক মানাসে লোমাচার। কৌতুহলবশত তাদের সঙ্গে কাজ শুরু করতেই ভাগ্যের চাকা ঘুরে যায় তার; পান সোনার সন্ধান। সংগৃহীত মাত্র ৩ গ্রাম সোনা বিক্রি করে ৩৬ হাজার কেনিয়ান শিলিং (প্রায় ২৮০ মার্কিন ডলার) আয় করেন তিনি।
এই খবরটি ছড়িয়ে পড়ার পর পশ্চিম কেনিয়ার প্রত্যন্ত চেপোরোর গ্রামে হঠাৎ করেই সোনার ঢল নামে। গত কয়েক সপ্তাহে ভাগ্য পরিবর্তনের আশায় সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, একপর্যায়ে ভিড় সামলে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত দেখা যায়।
এক মাস আগেও যে এলাকাটি ঝোপঝাড় ও পশু চারণভূমি ছিল, তা এখন হাজারো গর্ত, মাটির স্তূপ এবং অস্থায়ী খনিশিবিরে পরিণত হয়েছে। বর্তমানে মানুষের সংখ্যা কমে আড়াই হাজারের মতো হলেও সোনা খোঁজার কাজ অবিরাম চলছে।
তবে কেবল লোমাচারের প্রাপ্তিই এই গোল্ড রাশের একমাত্র কারণ নয়। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রায় একই সময়ে আশপাশের এলাকায় আরও কয়েকজন বড় পরিমাণের সোনার সন্ধান পান। লোকমুখে সে খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
ওয়েস্ট পোকট কাউন্টির ডেপুটি কমিশনার স্যামুয়েলিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, আগস্টের শুরুর দিকে তরুণ ও নারীদের কয়েকটি দল উল্লেখযোগ্য পরিমাণ সোনা পাওয়ার পর খবরটি রূপকথার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে অনভিজ্ঞ মানুষের পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডা থেকেও বহু মানুষ এখানে ভাগ্য পরীক্ষার জন্য চলে আসেন।
উগান্ডার বুসিয়া থেকে আসা খনিশ্রমিক মুগিশা গডফ্রে প্রায় ২৭ ডলার খরচ করে চেপোরোরে এলেও এখনো কোনো সোনা পাননি। তবে খালি হাতে ফিরতে নারাজ তিনি। অন্যদিকে, স্থানীয় নারীরা দীর্ঘদিন ধরেই নদীর তীর থেকে সামান্য সোনা তুলে সপ্তাহে ৮ থেকে ২৩ ডলার আয় করে আসছিলেন।
এই অর্থনৈতিক উদ্দীপনাকে কেন্দ্র করে খনিস্থলের চারপাশে গড়ে উঠেছে ২০০টিরও বেশি ক্ষুদ্র ব্যবসা। পানি, খাবার, দুধ ও কোমল পানীয় বিক্রি করে ভালোই আয় করছেন ব্যবসায়ীরা। তেমনই একজন আইরিন আমেজা, যিনি প্রতিবেশী বারিঙ্গো কাউন্টি থেকে এসে এখানে খাদ্য ও পানীয় বিক্রি করছেন।
তবে অতিরিক্ত জনসমাগমে তৈরি হয়েছে তীব্র অবকাঠামোগত সংকট। বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও নিরাপদ আবাসনের অভাবে পরিবেশ স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তাহীনতা এবং যৌন সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি সামলাতে এলাকায় নিরাপত্তা টহল ও জনস্বাস্থ্য কর্মকর্তা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এছাড়া শিশুদের খনি এলাকা থেকে দূরে রেখে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষে স্কুলে ফেরানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
উত্তোলিত মাটির ওপর পরীক্ষা চালিয়ে পুরো এলাকায় প্রকৃত সোনার মজুত পরিমাপের চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রাপ্ত সোনার বাজারমূল্য কয়েকশ থেকে সর্বোচ্চ ৭৮ হাজার শিলিং (প্রায় ৬০০ ডলার) পর্যন্ত দেখা গেছে। তবে বাণিজ্যিকভাবে এটি লাভজনক হবে কি না, তা নিশ্চিত নয়।
তা সত্ত্বেও খনি বন্ধের বিপক্ষে ছাগলপালক লোমাচার। তিনি সরকারের কাছে নিরাপদ ও প্রযুক্তিভিত্তিক সোনা উত্তোলনের দাবি জানিয়েছেন। মেটাল ডিটেক্টরসহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হলে শুধু সোনা নয়, অন্যান্য খনিজ সম্পদও উন্মোচিত হতে পারে বলে তার বিশ্বাস—যা চেপোরোর বাসিন্দাদের দারিদ্র্য ঘোচাতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply