বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার সকালে স্থানীয় সরকার মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নয়ন খাতের নানা সম্ভাবনাময় দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে টেকসই নগর ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্কাশন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি খাতের জন্য কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠায় মার্কিন প্রযুক্তি ও অভিজ্ঞতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, যৌথ উদ্যোগ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও টেকসই হবে।
জনগণই সরকারের সব ক্ষমতার উৎস—উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নগর পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
সাক্ষাতের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, বাংলাদেশের স্থানীয় উন্নয়নমূলক খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
আলোচনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী বরবোরই পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। এ খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতেও জোর দেন তিনি।
উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মৈত্রী সামনে স্থানীয় সরকার খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply