সিলেট সীমান্তে বিজিবির অব্যাহত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হলেও অধরাই থেকে যাচ্ছে মূল চোরাকারবারিরা। সীমান্ত এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে চম্পট দেওয়ায় তাদের আটক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২৪ আগস্ট) সিলেটের বিভিন্ন সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন। এর আগে গত দুই দিনেও সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া দুই কোটি টাকার বিপুল মালামাল জব্দ করা হয়েছিল। তবে এসব কোনো অভিযান থেকেই কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, সোমবার বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধীনে বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট ও প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) পৃথক টহল দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ এবং মাদক পাচার বন্ধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বিজিবির টহল দল পৌঁছানোর আগেই খবর পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। তবে সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply