
বিনোদন জগত আর রাজনীতির ময়দান সফলভাবে সামলানোর পর এবার কি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী? টালিপাড়ায় এখন জোর গুঞ্জন— চলতি বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন ওপার বাংলার এই জনপ্রিয় তারকা।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই চার হাত এক হতে পারে। আর বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে মনোরম পাহাড়ি শহর কালিম্পংয়ে।
তবে অভিনেত্রীর প্রেম বা বিয়ের চর্চার চেয়েও বেশি কৌতূহল তৈরি হয়েছে পাত্রের পরিচয় নিয়ে। গুঞ্জন উঠেছে, বিনোদন অঙ্গনের বাইরেই নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছেন মিমি। তিনি ভারতীয় নৌবাহিনীর (নেভি) কর্মকর্তা, যার নাম সিদ্ধার্থ। তবে এ বিষয়ে মিমি চক্রবর্তী বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নিজের ব্যক্তিগত জীবন সবসময়ই প্রচারের আলোর বাইরে রাখতে পছন্দ করেন মিমি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখার পর ‘বোঝে না সে বোঝে না’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পান তিনি। পরবর্তী সময়ে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি রাজনৈতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দেন।
বর্তমানে রাজনীতি ছেড়ে পুরোদমে অভিনয়ে মনোযোগ দিয়েছেন মিমি। আসন্ন দুর্গাপূজায় সৃজিত মুখার্জির পরিচালনায় তার নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ব্যস্ত ক্যারিয়ারের মাঝেই এই বিয়ের খবরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। সত্যিই কি পাহাড়ি পরিবেশে ডিসেম্বরেই বসছে বিয়ের আসর, নাকি এটি কেবলই গুঞ্জন— তা জানার জন্য এখন অভিনেত্রীর স্পষ্ট বার্তার অপেক্ষায় অনুরাগীরা।
অনলাইন ডেস্ক 

























