লক্ষ্মীপুরে যুবলীগের এক নেতাকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী যুবলীগ নেতার নাম মেজবাহ উদ্দিন ওরফে হেলাল; তিনি রামগতি উপজেলা যুবলীগের সভাপতি এবং আ স ম আবদুর রব সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে ইকোনো পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন মেজবাহ উদ্দিন। বাসটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর মোড়ে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁকে জোর করে নামিয়ে নেন। পরে তাঁকে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই মাঠ থেকে মেজবাহ উদ্দিনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মো. জামাল হোসেন (৩২) নামের এক ছাত্রদল নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সহযোগীরা পালিয়ে যান। গ্রেপ্তার জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
এ ঘটনায় বুধবার বিকেলে মেজবাহ উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামাল হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুরো বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এছাড়া অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply