সৌদি থেকে দেশে ফিরলেন ওমরাহযাত্রীরা, নিখোঁজ মুফতি আলী কাসেমী

প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সৌদি ও বাংলাদেশ সরকারের যৌথ পদক্ষেপে সৌদিতে হামলার শিকার ওমরাহ কাফেলার একটি দল দেশে ফিরেছে। আটকেপড়া এসব হজযাত্রীকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে সংবর্ধনা ও মেহমানদারি করানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমরাহ কাফেলায় মোট ৪৫ জন সদস্য ছিলেন। হামলার ওই ঘটনায় ৩৩ জন দেশে ফিরলেও আহত অবস্থায় আরও ৭ জন বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এই হামলায় বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদর (রহ.) ইন্তেকাল করেছেন। তার মরদেহ পবিত্র জান্নাতুল বাকিতে দাফনের বিষয়ে বর্তমানে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

এদিকে হামলার পরপরই ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দিয়েছিলেন ওমরাহযাত্রী মুফতি মুহাম্মদ আলী কাসেমী। দেশে ফেরা যাত্রীদের অভিযোগ, এর কিছুক্ষণ পরই মক্কার একটি হোটেল থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে তুলে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ওমরাহযাত্রী ও সংশ্লিষ্টরা অবিলম্বে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং নিখোঁজ মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সন্ধান ও মুক্তির জন্য সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

দেশে ফেরা ওমরাহযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান ধর্মমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের হজ পরিচালক লোকমান হোসেন, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সানাউল্লাহ খান, হাফেজ মাওলানা তোফায়েল আহমদ ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমেদ জানান, “ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আমাদের ওপর সৌদি ফেরত হজযাত্রীদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। আমরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের সার্বিক তত্ত্বাবধান করেছি। এছাড়া মন্ত্রীর পক্ষ থেকে তাদের রাতের খাবারের আয়োজন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *