শতবর্ষের ঐতিহ্যে মুখরিত কোটালীপাড়া: বিজয়া দশমীতে ঘাঘর নদীতে হলো বর্ণিল নৌকা বাইচ

বিজয়া দশমীর আনন্দকে সর্বজনীন উৎসবে রূপান্তর করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হলো শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রতিবছরের মতো এবারও কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক আয়োজন ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ঘাঘর নদীর বুকে বসেছিল এই গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।

বুধবার দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতা দেখতে ঘাঘর নদীর দুই পাড়ে উপচে পড়া ভিড় জমান কয়েক হাজার মানুষ। কোটালীপাড়া ছাড়াও আশপাশের জেলা যেমন মাদারীপুর, বাগেরহাট এবং বরিশাল থেকে অসংখ্য দর্শক ঐতিহ্যবাহী এই বাইচ উপভোগ করতে আসেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৪টি বাচারী নৌকা অংশ নেয়।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এই ঐতিহ্যের পেছনের ইতিহাস তুলে ধরে জানান, কথিত আছে প্রায় ১৫০ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে দুর্গা পূজার বিজয়া দশমীর দিন ঘাঘর নদীতে মেলা ও নৌকা বাইচের সূচনা করেছিলেন। সেই থেকেই কোনো আনুষ্ঠানিক কমিটি বা আয়োজন ছাড়াই প্রাকৃতিকভাবেই প্রতিবছর দুর্গোৎসবে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটালীপাড়ার সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “নদী-খাল-বিল বেষ্টিত কোটালীপাড়ার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মী পূজায় নৌকা বাইচ হয়ে আসছে। এই বাইচের জন্য আলাদা কোনো আয়োজনের প্রয়োজন হয় না, এমনকি বিজয়ী বা অংশগ্রহণকারীদের কোনো পুরস্কারও দেওয়া হয় না—এটি কোটালীপাড়ার একটি সম্পূর্ণ ব্যতিক্রমী ও স্বতঃস্ফূর্ত আয়োজন। আগামী দিনে এই লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *