তথ্য নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সরকারি কর্মচারীদের জন্য জনপ্রিয় নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ (Waze) ব্যবহার নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরাসরি নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ওয়েজ মোবাইল লিমিটেড কোম্পানিটি ইসরাইলে নিবন্ধিত এবং দেশটির আইনের অধীন পরিচালিত হওয়ায় সরকারি ও ব্যক্তিগত ডেটা ফাঁসের ঝুঁকি রয়েছে। সংবেদনশীল তথ্য যাতে কোনোভাবেই অপব্যবহার হতে না পারে, সে জন্যই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৩ সালে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল অ্যাপটি কিনে নিলেও এর আইনি ও প্রাতিষ্ঠানিক উৎস ইসরাইলি হওয়ায় এই নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়।
ওয়েজের বিকল্প হিসেবে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তুজু’ (Tuju) নামক নেভিগেশন অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মালয়েশিয়া মহাসড়ক কর্তৃপক্ষের তৈরি এই অ্যাপের মাধ্যমেই এখন থেকে সরকারি কর্মীদের যাতায়াত ও ট্রাফিক সংক্রান্ত তথ্য পরিচালনা করতে বলা হয়েছে।
ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা মালয়েশিয়ার জন্য এই সিদ্ধান্ত ভূ-রাজনৈতিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে অন্যদিকে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তার নীতিমালা মেনে সুরক্ষিত রাখা হয় বলে দাবি করে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওয়েজ কর্তৃপক্ষ।

Leave a Reply