পাউবোর বগুড়া সার্কেলের ২১ কোটি টাকা আত্মসাৎ: দুদকের জালে দুই প্রকৌশলীসহ চক্র

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়া সার্কেলের আপদকালীন জরুরি মেরামত কাজের নামে প্রায় ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৭৯টি প্যাকেজে ভুয়া ও অসম্পূর্ণ কাজ দেখিয়ে এই অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুদকের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই দুর্নীতির নেপথ্যে জড়িত রয়েছেন পাউবোর তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী নাজমুল হকসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের নন-ডেভেলপমেন্ট রেভিনিউ (এনডিআর) কর্মসূচির আওতায় ৭৭টি গ্রুপে প্রায় ১২ কোটি ৩৯ লাখ টাকা প্রাক্কলন করা হয়। কিন্তু মাত্র ৮-১০ জন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিয়ে এবং বাকি কাজ ভাড়ায় লাইসেন্স নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে পাইয়ে দেওয়া হয়। নামমাত্র কাজ বা কোনো কাজ না করেই ভুয়া বিলের মাধ্যমে পুরো অর্থ তুলে নেওয়া হয়।

এছাড়া, ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে লিমিটেড টেন্ডারিং মেথডের (এলটিএম) ২০টি গ্রুপের বিপরীতে থাকা প্রায় ২ কোটি টাকাও একইভাবে ভাগবাটোয়ারা করে নেওয়া হয়। বগুড়ার ইছামারা ও কামালপুরসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে বন্যা প্রতিরোধের অজুহাতে একই স্থানে বারবার ভুয়া জরুরি কাজ দেখিয়ে সরকারি তহবিল তছরুপের প্রমাণ মিলেছে।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, কেবল এই ৭৯টি প্যাকেজই নয়; বরং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে কোনো ধরনের টেন্ডার ছাড়াই প্রায় ১০০ কোটি টাকার তথাকথিত জরুরি কাজের ভুয়া বিল তৈরি করে আত্মসাতের মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখছে দুদক।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে তৎকালীন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বরাবর এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা পড়ার পর কমিশন থেকে এই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে দুদকের বগুড়া জেলা কার্যালয় সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *