দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্যসচিব মো. আবদুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ দলীয় দায়িত্বশীল মহলের দৃষ্টিগোচর হয়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এদিকে এই অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শ্যামলী সূত্রধর জানান, তিনি সবসময় দলের প্রতি শ্রদ্ধাশীল এবং দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে প্রস্তুত। তবে কী কারণে তাকে এই অব্যাহতি দেওয়া হলো, সে বিষয়ে তার পরিষ্কার জানা নেই বলে জানান তিনি। এ সময় নিজের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে দলের কাছে ক্ষমা প্রার্থনা করবেন বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply