সাজেক সড়কে অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া-গোলাগুলির ঘটনার মুখে পড়ে আটকে থাকা পর্যটকদের শেষ পর্যন্ত নিরাপদে খাগড়াছড়ি শহরে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে পর্যটকবাহী গাড়ির বহরটি নিরাপদে শহরে এসে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে সাজেকে বেড়াতে গিয়েছিলেন ঢাকা ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। কিন্তু বুধবার সন্ধ্যা থেকেই সেখানে আন্দোলন ও অবরোধের পরিস্থিতি শুরু হয়। পূর্বঘোষিত তিন দিনের ট্যুর ও অগ্রিম গাড়ি ভাড়া করা থাকলেও আকস্মিক এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েন তারা।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন পর্যটকরা। পথিমধ্যে বিভিন্ন স্থানে অবরোধের মুখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করে। এ সময় অবরোধকারীরা বাধা দিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও একপর্যায়ে গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
হবিগঞ্জ থেকে ঘুরতে আসা পর্যটক অপু জানান, “ঘুরতে এসে চরম দুশ্চিন্তায় পড়েছিলাম। সঠিকভাবে সাজেক ঘুরেও দেখা হয়নি। তবে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছাতে পেরেছি।”
ঢাকা থেকে যাওয়া আরেক পর্যটক আবুল কাশেম বলেন, “দুই রাত তিন দিনের ট্যুরে গিয়েছিলাম। আজ নামিয়ে দেওয়া হয়েছে। এখন অগ্রিম দেওয়া গাড়িভাড়া এবং দুই দিন পরের ফিরতি বাসের টিকিট নিয়ে নতুন ঝামেলায় পড়তে হয়েছে।”
উল্লেখ্য, খাগড়াছড়ি ও সাজেক রুটে চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ে পর্যটকদের প্রথম বহরটি নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

Leave a Reply