গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত: নিহত বেড়ে ৭৪ হাজার ছাড়াল, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই দীর্ঘ সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১৬ জন। এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেও থেমে নেই হামলা; এই সময়ে ১ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৯৮ জন আহত হয়েছেন।

চলমান সংঘাতের পাশাপাশি গাজায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। বাণিজ্যিক পণ্য প্রবেশে ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে আটা, ডিম ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে।

উত্তর গাজার জাবালিয়া এলাকার ৫২ বছর বয়সী বাসিন্দা ইসমাইল আল-বারাওয়ি জানান, ক্রসিং বন্ধ হওয়ার মাত্র দুই-তিন দিনের মধ্যেই জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে। আগে যে ডিমের কার্টন ছিল ৩৫ শেকেল (প্রায় ১ হাজার ৩৫০ টাকা), তা এখন কিনতে হচ্ছে ৬০ থেকে ৭০ শেকেলে (প্রায় ২ হাজার ৭৯০ টাকা পর্যন্ত)। একইভাবে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ শেকেলে (প্রায় ৩৯৮ টাকা)।

আর্থিক অস্বচ্ছলতা ও উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ এখন প্রয়োজনীয় খাবারও পর্যাপ্ত পরিমাণে কিনতে পারছেন না। আগে যেখানে পুরো কার্টন ডিম কেনা হতো, এখন অর্থ ও সংকটের টানে বাধ্য হয়ে চার-পাঁচটি ডিম কিনে দিন পার করতে হচ্ছে গাজার সাধারণ পরিবারগুলোকে। পরিস্থিতি এমন চলতে থাকলে সামনের দিনগুলোতে খাদ্যসংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *