সমাজের ভালো মানুষরা দূরে থাকায় এমপি-মন্ত্রী হন নিকৃষ্ট ব্যক্তিরা: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আওয়ামী লীগ আমলের রাজনৈতিক পরিবেশের কারণে ভালো মানুষেরা নির্বাচনে অংশ নিতে পারেননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার সেই আলোচিত বক্তব্য—”সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়”—এর ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মূলত বিগত সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই অবস্থার অবসান হবে বলে তিনি আশা করেছিলেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে আরও আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সমাজের গ্রহণযোগ্য ও ভালো মানুষেরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সে জন্য একটি কার্যকরী পদ্ধতি নির্ধারণ করতে হবে নির্বাচন কমিশনকে।

আগামী ১০ বছরের মধ্যেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেন স্পিকার। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকেই বোঝা যায় যে আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, অতীতে আওয়ামী লীগের আমলে এ ধরনের নির্বাচন সুষ্ঠু হয়নি, তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তার আস্থা রয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো ও সুষ্ঠু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার জানান, দেশের মোট গ্যাসের মজুতের সমপরিমাণ গ্যাস ইতোমধ্যে ভোলায় পাওয়া গেছে এবং সেখানে আরও বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে বলে তিনি আশা করেন। তবে এই গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও বিদেশে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি সহজ বিকল্প হতে পারে এই ভোলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর ও ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *