জন্মদিনের উপহারের শটগান দিয়েই ওরেগনের স্কুলে হামলা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে ঘটা ভয়াবহ সেই বন্দুক হামলার ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ১৬ বছর বয়সি হামলাকারী গ্রিফিন জে. জন দ্বিতীয়কে যে শটগান দিয়ে সে এই নৃশংসতা চালিয়েছিল, তা জন্মদিনের উপহার হিসেবে কিনে দিয়েছিলেন তার নিজের মা!

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীর মা শনটাই নিকারসন গত বছরের আগস্টে আইন মেনেই ‘ম্যাভেরিক ৮৮’ পাম্প-অ্যাকশন ১২-গেজ শটগানটি কিনেছিলেন। পরে বিনোদনমূলক ব্যবহারের কথা বলে সেটি তার কিশোর ছেলেকে জন্মদিনে উপহার দেন। অথচ ওই অস্ত্র দিয়েই পরবর্তীতে প্রাণ ঝরে পড়ে নিষ্পাপ শিশুদের।

গত বৃহস্পতিবার সিলভার রেইল প্রাথমিক বিদ্যালয়ে এই হামলা চালায় গ্রিফিন। একসময়ে সে নিজেও এই বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে প্রবেশের আগে সে একটি চলন্ত পিকআপ ট্রাক লক্ষ্য করে গুলি চালায় এবং চালকের ৯১১-এ ফোন করার মাধ্যমেই পুলিশ প্রথম ঘটনার খবর পায়।

এরপর তালাবদ্ধ কাচের দরজায় গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে সে বাঁ পাশের প্রথম শ্রেণিকক্ষে এলোপাতাড়ি গুলি শুরু করে। এই বর্বরোচিত হামলায় নিহত হয় পাঁচ বছর বয়সি রোয়াম সামারসহ ৮ ও ১১ বছর বয়সি আরও দুই শিশু এবং ২৫ বছর বয়সি শিক্ষক মেগান ল্যামবার্ট। এ ছাড়া এক শিক্ষক ও এক ছাত্রসহ আরও দু’জন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, হামলার সময় ওই শ্রেণিকক্ষে মোট ৯ জন (৫ শিশু ও ৪ প্রাপ্তবয়স্ক) ছিলেন। বিদ্যালয়ের ভেতরে এক শিক্ষক সাহসিকতার সঙ্গে হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে দুই শিক্ষার্থীর বাবা জিয়ামাঙ্কো সেখানে প্রবেশ করেন এবং গুলি চালিয়ে হামলাকারীকে নিবৃত্ত ও হত্যা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। হামলাকারীর উদ্দেশ্য কী ছিল এবং সে এত সহজে অস্ত্র কীভাবে পেল—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে নিহত এক শিশুর শোকাহত পরিবার আইনি লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগ করেছেন। বিদ্যালয় বা স্কুল ডিস্ট্রিক্টের কোনো আইনগত দায় আছে কি না, তা খতিয়ে দেখছেন কৌঁসুলিরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *