ফ্রান্সে বিক্ষোভ ঘিরে কঠোর হুঁশিয়ারি ম্যাক্রোঁর, ৫ নভেম্বর সাধারণ ধর্মঘটের ডাক

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের জেরে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। আসন্ন বিক্ষোভগুলোতে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে ফ্রান্সের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কিছু নেতার মন্তব্যকে “বোকামিপূর্ণ ও অগ্রহণযোগ্য” বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত জীবনযাত্রার খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফ্রান্সজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার দেশটিতে বড় ধরনের সমাগমের প্রস্তুতি চলছে। প্রধান ছাত্র সংগঠন ‘ইউএনইএফ’ (UNEF) ওই দিন ফের সমাবেশের ডাক দিয়েছে। পাশাপাশি, প্যারিসের কেন্দ্রীয় এলাকায় মিছিল করার ঘোষণা দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও। তবে গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

চলমান সংকট কাটাতে শ্রমিক ইউনিয়নগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তবে সেই বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো সমাধান আসেনি। শ্রমিক নেতাদের অভিযোগ, মজুরি বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা বাড়ানোর সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দিতে পারেনি সরকার। ফলস্বরূপ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৫ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ইউনিয়নগুলো।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ অভিযোগ করেছেন, ফ্রান্সের বর্তমান অস্থিরতা নিয়ে বেশ কয়েকজন বিদেশি নেতা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে তিনি জানান, কোনো প্রমাণ ছাড়াই ফরাসি সংকটের জন্য অভিবাসী ও উগ্র ইসলামপন্থীদের দায়ী করছেন ট্রাম্প। ম্যাক্রোঁর মতে, বিদেশি কিছু রাজনীতিক এই পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বানাতে চাইছেন।

বিক্ষোভকারীদের দাবির মুখে বুধবার ফ্রান্সের পার্লামেন্টেও বসেছিল উত্তপ্ত বিতর্কের আসর। সেখানে আইনপ্রণেতারা সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তবে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানানোর পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অনেক রাজনীতিবিদ।

উল্লেখ্য, বাজেট কাটছাঁট, সামাজিক বৈষম্য এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহেই ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে বর্তমান সরকারকে বড় ধরণের চাপের মুখে ফেলেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *