গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলার গুদাম এবং একটি ভাঙারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নং সিএন্ডবি বাজারে এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় পরবর্তীতে শ্রীপুর থেকে আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনে একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারি দোকান এবং ঝুট ও তুলার গুদামগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply