মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা: ইরানের কঠোর হুঁশিয়ারি ও সৌদি আরব ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো দেশ হামলা চালালে তার পাল্টা জবাব হিসেবে সেই দেশটিতেও অভিযান চালানো হবে। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষানীতিতে পরিবর্তন এনে এখন ‘আক্রমণাত্মক কৌশলভিত্তিক’ অবস্থান নিয়েছে এই বাহিনী।

এরই মধ্যে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের বড় ধরনের সামরিক মহড়া চালানোর খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।

পরিস্থিতি নিয়ে তেহরানের কূটনৈতিক অবস্থানের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান সবসময় মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে।

সৌদি আরব ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা
এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তার কথা চিন্তা করে সৌদি আরবে অবস্থানরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন মার্কিন সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। শুধু সৌদি আরবই নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য কয়েকটি দেশে থাকা মার্কিন মিশনগুলো থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *