সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা ও ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে জরুরি দায়িত্বে না থাকা সরকারি কর্মী ও কূটনীতিকদের পরিবারের সদস্যদের অবিলম্বে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সৌদিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক হামলায় একজন নিহত ও আটজন আহত হন। এছাড়া সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনায় ধ্বংসাবশেষ পড়ে আরও দু’জন প্রাণ হারান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কূটনীতিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা তীব্র করেছে। এসব হামলার ফলে সাধারণ মানুষের যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় গত বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, গত মার্চের শুরুতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর পর রিয়াদে মার্কিন দূতাবাস ও সিআইএর কার্যালয় লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুধু সৌদি আরব নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকেও কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মুখে। হুথিদের এই নতুন মাত্রার হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্য ও উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

Leave a Reply