জলবায়ু পরিবর্তনের ধাক্কা: ২০৫০ সালের মধ্যে দেশের সাড়ে ৭ শতাংশ মানুষের স্থানান্তরের শঙ্কা

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সুপেয় পানির সংকট এবং কৃষি উৎপাদন হ্রাসের মতো বহুমুখী সংকটের কারণে ২০৫০ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৭ শতাংশ মানুষ বাধ্য হয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় পাড়ি জমাতে পারেন।

২১ অক্টোবর প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ক্লাইমেট রিপোর্ট ২০২৬: কোস্টাল রিস্কস অন দ্য রাইজ – অ্যাকশনস ফর এ রেজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, মিয়ানমার ও ভারত এক জটিল দ্বিমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উপকূলীয় প্লাবনের উচ্চ ঝুঁকিতে থাকা এসব এলাকার মানুষ আর্থিকভাবে তুলনামূলক বেশি দরিদ্র হওয়ায় দুর্যোগ মোকাবিলা ও ক্ষতি কাটিয়ে ওঠার সক্ষমতা তাদের খুবই সীমিত।

এর সাথে যোগ হয়েছে স্থানীয় ভূখণ্ড দেবে যাওয়ার প্রক্রিয়া। বর্তমানে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের বিভিন্ন অংশ প্রতি বছর ৪ থেকে ৫৫ মিলিমিটার পর্যন্ত দেবে যাচ্ছে, যা কৃষি জমি বিলীন করার পাশাপাশি প্লাবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে ২১۰۰ সালের মধ্যে প্রতি বছর প্রায় ১ কোটি ৭৪ লাখ মানুষ উপকূলীয় প্লাবনের মুখে পড়তে পারে, যার ফলে দেশের জিডিপির প্রায় ১৫ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সরাসরি পড়ছে জনস্বাস্থ্যে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির অনুপ্রবেশের কারণে গর্ভবতী নারীদের উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হৃদরোগ এবং কিডনি রোগের ঝুঁকি উদ্বেগজনকভাবে বাড়ছে।

পাশাপাশি, তীব্র সুপেয় পানির সংকটের কারণে নারীদের ওপর গৃহস্থালি কাজের চাপ বহুগুণ বেড়ে গেছে। অগভীর নলকূপের পানি লবণাক্ত হয়ে যাওয়ায় সুপেয় পানি সংগ্রহ করতে তাদের দূর-দূরান্তে যেতে হচ্ছে। অন্যদিকে, বসতভিটা ও ফসলি জমি হারানোর বেদনা মানুষের মনে মারাত্মক মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্নতা তৈরি করছে।

এডিবি জানিয়েছে, সময়মতো কার্যকর অভিযোজন বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নিলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০৫০ সালের মধ্যে বার্ষিক উপকূলীয় বন্যার ক্ষতি বর্তমানের তুলনায় ছয় গুণেরও বেশি বেড়ে যেতে পারে। এই ক্ষতি এড়াতে এবং উপকূলীয় সহনশীলতা বজায় রাখতে বছরে ৯ বিলিয়ন থেকে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে আশার কথা হলো, বাংলাদেশ ইতোমধ্যে জলবায়ু মোকাবিলায় দীর্ঘমেয়াদী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। ‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’ (ডেল্টা প্ল্যান ২১০০) এর আওতায় উপকূলীয় এলাকার সুরক্ষায় প্রায় ৫২ বিলিয়ন ডলারের বিনিয়োগ কাঠামো তৈরি করা হয়েছে। এছাড়া প্রায় ৫ হাজার বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং উন্নত আগাম সতর্কবার্তা ব্যবস্থার কল্যাণে সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার প্রায় ৯৯ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রতিবেদনে জলবায়ু অভিবাসীদের জন্য নিরাপদ আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সুপেয় পানির দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। উপকূলীয় অর্থনীতিকে টিকিয়ে রাখতে সরকারি তহবিলের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক অভিযোজন অর্থায়ন আরও বাড়ানোর তাগিদ দিয়েছে এডিবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *