বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর শোবিজ অঙ্গনে চরম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অস্ত্রধারী কমান্ডোদের কড়া পাহারায় প্রকাশ্যে এলেন মেগাস্টার সালমান খান।
গত মঙ্গলবার সকালে মুম্বাইয়ে বিশেষ সুরক্ষা ইউনিটের (এসপিইউ) কঠোর নিরাপত্তায় তাকে চলাচল করতে দেখা যায়। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দীর্ঘদিনের হুমকির কারণে সালমান খানের নিরাপত্তা আগে থেকেই জোরদার ছিল। তবে টাইগার শ্রফের ওপর হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হুমকির ভয়েস মেসেজে সালমানের প্রসঙ্গটি জোরালোভাবে উঠে আসায় তার নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
ওই অডিও বার্তায় হুমকি দিয়ে বলা হয়, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা সালমান খানের সঙ্গে কাজ করবেন বা তাদের নির্দেশ অমান্য করবেন, তাদের পরিণতিও টাইগার শ্রফের মতোই হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের এপ্রিলে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ এবং একই বছরের অক্টোবরে তার ঘনিষ্ট বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড পুরো বলিউডকে নাড়িয়ে দিয়েছিল। একের পর এক এমন রোমহর্ষক ও হুমকিপ্রবণ ঘটনায় বলিউড পাড়ায় সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply