রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের যৌথ পদক্ষেপে প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সকালে গঙ্গারাম বাজার এলাকায় হঠাৎ সড়ক অবরোধের কারণে সাজেক-বাঘাইহাট রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেখানে বেড়াতে যাওয়া প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেয় সেনাবাহিনী ও পুলিশ।
সকাল ১০টা: অবরোধের কারণে পর্যটকবাহী যানবাহন আটকা পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে।
সকাল সাড়ে ১০টা: আলোচনা চলাকালে হঠাৎ অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন।
সকাল ১১টা: প্রাথমিক তথ্য অনুযায়ী, এ সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়েন। এর জবাবে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালালে সশস্ত্র ব্যক্তিরা পালিয়ে যেতে বাধ্য হন।
আইএসপিআর জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের জেরে ইউপিডিএফের সশস্ত্র একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইউপিডিএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতেও এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply