
রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের ড্রেনেজ ও পয়োনিষ্কাশন উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদল নেতা মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদাবর এলাকায় সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে সিটি করপোরেশনের পক্ষ থেকে পয়োনিষ্কাশন ও ড্রেনেজ নির্মাণের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, ছাত্রদল আহ্বায়ক নয়ন হোসেন ও তার অনুসারীরা এই জনকল্যাণমূলক উন্নয়নকাজে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। পাশাপাশি এলাকার বিভিন্ন ভবনমালিকদের কাছ থেকে জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা দাবি করার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনলাইন ডেস্ক 























