
রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকাণ্ডে পদত্যাগকারী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে তিনি একমাত্র প্রার্থী হওয়ায় তাঁর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই বৈধতা ঘোষণা করেন।
এর আগে গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেবল এলিজা জামানই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
নির্বাচনি তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১ নভেম্বর। ওই দিন নির্ধারিত সময় পার হওয়ার পর ইসি থেকে তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
ডিজিটাল রিপোর্ট 

























