
বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসন নিশ্চিত না করে হকারদের ওপর উচ্ছেদ অভিযান চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এ ধরনের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে পুলিশের বাধার মুখেও একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
মিরপুর ১০ নম্বর হকার ইউনিয়নের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সমন্বয়ক মুক্তার ও মারুফ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, তীব্র বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের এই সময়ে ঢাকা শহরে লাখ লাখ মানুষ হকারি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। দেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত হিসেবে হকারদের বড় ভূমিকা রয়েছে। মধ্য ও নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ সৃষ্টি এবং লাখো পরিবারের রুটি-রুজির উৎস হওয়া সত্ত্বেও এই পেশা এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা আইনি সুরক্ষা পায়নি।
নেতারা আক্ষেপ প্রকাশ করে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর হকারদের পুনর্বাসনের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি মিরপুর ও যাত্রাবাড়ীসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় হকারদের উচ্ছেদ, দোকানপাট ভাঙচুর, মালামাল নষ্ট এবং তাদের বিরুদ্ধে মামলা ও আটকের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সুনির্দিষ্ট পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ছাড়া কোনোভাবেই কর্মসংস্থান ধ্বংসকারী এসব উচ্ছেদ অভিযান চালানো যাবে না। একই সঙ্গে রাস্তা সচল রেখে ফুটপাতের নির্দিষ্ট অংশে সুশৃঙ্খলভাবে ব্যবসা করার অনুমতি দেওয়া এবং হকারদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের কার্যকর নির্দেশনা দাবি করেন তারা।
অনলাইন ডেস্ক 

























