পাবনার সাঁথিয়ায় এনসিপি নেতার স্টোরিতে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্ক, তদন্তে পুলিশ

পাবনার সাঁথিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা মুজাহিদ ফকিরের একটি ফেসবুক স্টোরিকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্টোরিতে অস্ত্রসদৃশ একটি বস্তু প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভিডিওটি ফেসবুকে প্রকাশের প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হয়। এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এর সমালোচনা করে ওই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দুজনের হাত ও পায়ের অংশ দেখা গেলেও তাদের মুখ স্পষ্ট ছিল না। ভিডিওতে দেখা যায়, মেঝেতে একটি আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু রাখার পর অন্য একজন তা হাতে নিয়ে নাড়াচাড়া করছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, ‘এ ধরনের অস্ত্র প্রদর্শন জনমনে ভীতি সৃষ্টি করে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মুজাহিদ ফকির এর আগেও ফেসবুকে এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করেছিলেন, যা সে সময় খেলনা পিস্তল বলে প্রমাণিত হয়েছিল। তবে বর্তমান ভিডিওর বস্তুটি আসল কি না এবং তা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং বিস্তারিত জেনে মন্তব্য করবেন। তবে ঘটনার সময় মুজাহিদের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিজের ফেসবুক আইডি ‘পাবনা ১’-এ দেওয়া এক ভিডিও বার্তায় মুজাহিদ ফকির দাবি করেন, ভিডিওটি তিন-চার মাস আগে টিকটক থেকে ডাউনলোড করা হয়েছিল। তার ফেসবুক আইডিতে সংরক্ষিত থাকায় তাঁর দুই-তিন বছর বয়সী শিশুসন্তান ভুলবশত সেটি স্টোরিতে দিয়ে দিতে পারে।

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে নিউজ হওয়ার পর আমি জানতে পারি। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।’ পুরো বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই এনসিপি নেতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *