জনগণের ভোটাধিকার শতভাগ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না, যাতে সাধারণ মানুষ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। দলের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবেন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারে বিএনপির জনপ্রতিনিধিরা থাকলে গ্রামাঞ্চলের উন্নয়ন আরও দ্রুত ও সহজ হবে। এর মাধ্যমে তৃণমূলের উন্নয়ন কার্যক্রম বহুগুণ গতিশীল করা সম্ভব।
বর্তমান সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্দিষ্ট বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেই পাঁচ বছর পর পুনরায় জনসমর্থন চাইতে যাবে বিএনপি।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা ভোটের সময় শুধু বেহেশতের লোভ দেখিয়ে রাজনীতি করেন এবং নির্বাচনের পর সাধারণ মানুষের খোঁজ রাখেন না, তারা আসলে ‘মৌসুমি রাজনীতিবিদ’। অতীতে আওয়ামী লীগের জনগণের ভোটের প্রয়োজন ছিল না বলেই তারা সাধারণ মানুষের কাছে যায়নি; কিন্তু বিএনপির জনগণের সমর্থন ও আস্থার প্রয়োজন রয়েছে। তাই দলটি সবসময় জনগণের পাশে থেকে তাদের কথা শুনবে।
মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সুধী সমাবেশ শেষে প্রতিমন্ত্রী একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনের ভ্যান উদ্বোধন করেন।

Leave a Reply