২০ বছরের বঞ্চনা ঘুচিয়ে মেগা উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে বগুড়া

দীর্ঘ দুই দশকের উন্নয়ন বৈষম্য ও অবহেলা পেছনে ফেলে উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়াকে আধুনিক শিল্প, যোগাযোগ ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে নজিরবিহীন এক মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এই অঞ্চলের ভূমিকা বহুগুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারের পরিকল্পনা ও উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, প্রায় ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বহুল প্রতীক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এই রেলপথ চালু হলে পুরো উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে গতি আসবে। পাশাপাশি, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যোগাযোগের পরিধি বাড়াতে বগুড়া বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শহরের যানজট দূর করতে এবং এর সৌন্দর্য বাড়াতে করতোয়া নদীর কোল ঘেঁষে চার লেনের সড়ক নির্মাণ এবং শহরের প্রধান মহাসড়কগুলোকে চার থেকে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজের প্রাথমিক প্রস্তুতি ও যানজট নিরসনে এরই মধ্যে ৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এছাড়া দ্রুতই বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) এবং বগুড়া ওয়াসা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।

ক্রীড়া খাত: প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ‘আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ’।

সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার: নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৯৯৪ কোটি টাকা, জেলার ১৩টি উপজেলার টেকসই উন্নয়নে ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং পৌরসভাগুলোর উন্নয়নে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা: ১৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল এবং উচ্চশিক্ষার প্রসারে বগুড়া বিশ্ববিদ্যালয়কে বহুমুখী উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া বিসিক শিল্প পার্কের কাজও খুব শীঘ্রই শুরু হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বগুড়া একটি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্ত জেলা, যেখান থেকে বছরে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার খাদ্য উদ্বৃত্ত আসে। অথচ বিগত ২০ বছর এই অঞ্চল কাঙ্ক্ষিত বরাদ্দ থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মধ্যেই বগুড়াকে ঢেলে সাজাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।

উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সমান্তরালভাবে কাজ করছেন। রংপুর সিটি কর্পোরেশনের জন্য ১ হাজার ৮০০ কোটি ও গোপালগঞ্জের জন্য ১ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ টেনে তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে বগুড়ার সার্বিক অগ্রযাত্রায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা (বগুড়া-৬) ও আব্দুল মুহিত তালুকদার (বগুড়া-৩), পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *