ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দর্শনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামের এক ব্যক্তির পরিচয় মিলেছে, যার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তবে বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, দর্শনা পরিবহণের বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে গিয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ছাড়া দুর্ঘটনায় আহত ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Leave a Reply