ঢাকা থেকে চট্টগ্রাম রুটের পরিচিত আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরাসরি পৌঁছে যাবে পর্যটননগরী কক্সবাজারে। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন এই রুটে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এই নতুন সার্ভিসের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে।
নতুন এই চালুর ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি মধ্যবর্তী বেশ কয়েকটি জেলার মানুষও সরাসরি ট্রেনযোগে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে—ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে এবং রেলওয়ের রাজস্ব আয়ও বাড়বে।
এতদিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনগুলো বিরতিহীন (নন-স্টপ) হওয়ায় মধ্যবর্তী জেলাগুলোর যাত্রীরা ট্রেনভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে এবং আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে প্রতি রবিবার।
ঢাকা থেকে ছাড়বে: রাত ৮:৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬:০০ টায়।
কক্সবাজার থেকে ছাড়বে: সকাল ৮:০০ টায়, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২:২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর থেকেই এই নতুন রুট ও সময়সূচির জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। নতুন এই ট্রেন চালুর ফলে পর্যটকদের যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply