
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল মাদ্রাসায় শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টের শুরুতে দেশের আলেম সমাজের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও কিছু আলেমের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন আসিফ নজরুল। তবে একই সঙ্গে বৃহত্তর আলেম সমাজ ও মাদ্রাসার কিছু শিক্ষকের মধ্যে ঘটে যাওয়া অপরাধের চিত্র তুলে ধরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, মাদ্রাসার কিছু শিক্ষক শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত রয়েছেন। অপরাধীদের সংখ্যা নগণ্য না হলেও বৃহত্তর আলেম সমাজের একটি বড় অংশকে এসব জঘন্য অপরাধের বিরুদ্ধে কখনোই সোচ্চার হতে দেখা যায় না। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক বিষয়ে ফতোয়া বা সরব থাকলেও নিজেদের গোষ্ঠীর ভেতরে ঘটে চলা এমন ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে শীর্ষস্থানীয় আলেম ও জনপ্রিয় বক্তাদের এই নীরবতা তাকে অবাক করে বলে মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল সতর্ক করে বলেন, আলেম সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাই ইসলামবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের টিকে থাকার মূল শক্তি। কিন্তু অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হয়ে উল্টো অপরাধীদের প্রতি সহানুভূতি দেখানো হলে সামগ্রিকভাবে আলেম সমাজ এবং কওমি মাদ্রাসাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করেন, আলেম সমাজ নিজেদের ভেতরে লুকিয়ে থাকা এসব অপরাধীর বিরুদ্ধে নিজেরাই সোচ্চার হবেন এবং ধর্মীয় অনুশাসনের আলোকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিগগিরই জোরালো বক্তব্য নিয়ে এগিয়ে আসবেন।
অনলাইন ডেস্ক 

























