প্যারিসে নির্বিচারে গুলি: ১ নিহত ও ৫ আহত, ঘটনাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ বললেন ম্যাক্রোঁ

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ঘটে যাওয়া এক ভয়াবহ বন্দুক হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। অভিবাসী বংশোদ্ভূত ও নির্দিষ্ট পরিচয়ের মানুষদের লক্ষ্য করে চালানো এই নৃশংসতা ফরাসি সমাজ ও রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই ঘটনাকে সরাসরি ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন।

শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ত্রাপ (Trappes) এবং সংলগ্ন লা ভেরিয়ের (La Verrière) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মেয়র আলি রাবেহর দেওয়া তথ্য অনুযায়ী, ধূসর রঙের একটি রেনো ক্লিও গাড়িতে চড়ে হামলাকারী ত্রাপের একটি পেট্রলপাম্প, চিকিৎসাকেন্দ্র এবং শিশুদের খেলার মাঠসহ বিভিন্ন জনবহুল স্থানে প্রায় ১৫ মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালান। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যথাসম্ভব বেশি মানুষকে হতাহত করাই তাঁর লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ১২ বছর এক কিশোরীর শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে এবং তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি (৩৯) হিসেবে প্রকাশ করা হয়েছে। পুলিশ ও জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির দপ্তর (PNAT) জানিয়েছে, ওই ব্যক্তি আগে অপরাধের সাথে যুক্ত থাকলেও দেশটির গোয়েন্দা নজরদারি বা নিরাপত্তা হুমকির তালিকায় ছিলেন না। তবে শুক্রবারই তাঁর এক নিকটাত্মীয়কে পুলিশ আটক করেছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, বর্ণ ও ধর্মীয় পরিচয়ের কারণে মানুষকে এমন নির্বিচারে হত্যার ঘটনা ফরাসি জাতির ইতিহাসে নজিরবিহীন। এটি প্রজাতন্ত্রের জন্য একটি বড় বাঁকবদল। তিনি এ ধরনের আদর্শের বিস্তার রোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান।

পুলিশ সূত্র জানায়, এন১০ মহাসড়ক থেকে সন্দেহভাজনকে আটক করা হয়। হামলায় ব্যবহৃত অস্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের একটি পুরোনো আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বলে ধারণা করা হচ্ছে। পিএনএটি জানিয়েছে, হত্যাকাণ্ডের পাশাপাশি সন্ত্রাসী ষড়যন্ত্র এবং বেআইনি মারণাস্ত্র বহনের অভিযোগে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *