মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে আসা একের পর এক যুদ্ধংদেহী হুমকিকে পাত্তাই দিচ্ছে না তেহরান। ইরানের মতে, এই ধরনের হুমকি কোনো শক্তির বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাদের চরম হতাশা ও দুর্বলতারই প্রতীক।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের এক বিশেষ বিবৃতিতে এই মন্তব্য করেছেন।
মোহাম্মদ মোখবের স্পষ্ট ভাষায় জানান, ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ও চরম হতাশা ঢাকতেই ইরানকে নতুন করে যুদ্ধের হুমকি দিচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, ‘তাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বা হুমকির পেছনে শক্তির কোনো ইশারা নেই; বরং এখান থেকে কেবল চরম হতাশার গন্ধ পাওয়া যাচ্ছে।’
ইরানি এই শীর্ষ উপদেষ্টা জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন ও ইসরায়েলি নেতাদের এই মানসিক দুর্বলতা ও অসহায়ত্ব তেহরানের কাছে অত্যন্ত স্পষ্ট এবং পানির মতো পরিষ্কার।

Leave a Reply