বিচ্ছেদ আর স্মৃতির টানাপোড়েন নিয়ে অপূর্ব-নিহার নতুন নাটক ‘ভালো আছো তো?’

ভালোবাসার শুরুটা যতটা স্নিগ্ধ ও মধুর হয়, তার সমাপ্তি অনেক সময় ঠিক ততটাই বেদনাবিধূর। হাজারো স্মৃতি, না-বলা অভিমান আর হৃদয়ের গহীনে জমে থাকা একটি প্রশ্ন—‘ভালো আছো তো?’—এই মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালো আছো তো?’।

সম্পর্কের ভাঙন, ভুল বোঝাবুঝি এবং প্রাক্তনের প্রতি সুপ্ত অনুভূতির গল্প নিয়ে তৈরি এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও উদীয়মান তারকা নাজনীন নিহা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গত শুক্রবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পায়।

গল্পের শুরুটা প্রেমের মায়া ও মধুরতায় ঘেরা হলেও সময়ের পালাবদলে সম্পর্কে তৈরি হয় জটিলতা। অতীতের ক্ষত ও ভুল বোঝাবুঝি দুই চেনা মানুষকে ধীরে ধীরে ঠেলে দেয় বিচ্ছেদের মুখে। তবে সম্পর্ক ফুরিয়ে গেলেও প্রাক্তন মানুষের প্রতি রয়ে যাওয়া অমলিন টান এবং আকুলতা নাটকটির মূল আকর্ষণে পরিণত হয়েছে।

নাটকটির প্রচারে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টার শেয়ার করে অপূর্ব লিখেছেন, “সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না— কেমন আছো? ভালো আছো তো?”

এর আগে দর্শকপ্রিয় ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে পর্দা শেয়ার করেছিলেন অপূর্ব ও নিহা জুটি। নতুন এই আবেগঘন গল্পে তাদের রসায়ন দর্শকদের মনে কতটা দাগ কাটবে, সেটাই এখন দেখার বিষয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *