রুয়েটের বাসের ছবি নিয়ে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য: আবু বক্কর সিদ্দিকী কারাগারে, বাবা মুক্ত

ফেসবুকে একটি উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবু বক্কর সিদ্দিকী নামের এক তরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে যাতায়াতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। ওই পোস্টের কমেন্ট বক্সে আবু বক্কর সিদ্দিকী লেখেন— ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’

মন্তব্যটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর কাড়ে। পরে সাইবার ইন্টেলিজেন্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর রাজশাহীর পবা উপজেলার ঘোলহারিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানী রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এই মন্তব্যের নেপথ্যে অন্য কোনো চক্র বা ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *