রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় হাতেনাতে ধরে ফেলার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কচুয়ার সরদারপাড়া এলাকার বাসিন্দা এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই দুজন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইক থেকে ‘চোর চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় ফজরের নামাজে আসা মুসল্লিসহ আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে অটোরিকশাসহ তাদের ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে দুজন অটোরিকশা ফেলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাদের আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply