খুলনা নগরের সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড় এলাকায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে রকিবুল ইসলাম (৪০) নামের এক ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply