প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন দাবি করেছেন যে, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার অভিযোগ, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে জামায়াত-শিবির উল্টো এসব কর্মকাণ্ডকে স্বাভাবিক (নরমালাইজ) করার চেষ্টা করছে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, জামায়াত-শিবির আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে মাঠে না নেমে উল্টো সরকারকে প্রশ্নবিদ্ধ করছে এবং নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে বিবৃতি দিচ্ছে। অতীতে জামায়াত-শিবিরের অনেকেই গুপ্তবেশে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, চোরাগোপ্তা আক্রমণ বা গুপ্ত রাজনীতির সব তথ্য সবসময় গোয়েন্দা বা সাংবাদিকদের কাছে থাকে না। তবে শিবিরের সাবেক কর্মীরা চাইলে ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়ে সরকারের কাছে আগাম তথ্য পৌঁছে দিতে পারত।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, আর জামায়াত-শিবিরও দল ভারী করতে তাদের আশ্রয় দিচ্ছে।
১. রাজনৈতিক দর-কষাকড়ি: জামায়াত-শিবিরের ধারণা, আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে। এতে বিরোধী দল হিসেবে তাদের কদর ও দর-কষাকষির ক্ষমতা বাড়বে।
২. রহস্যজনক বৈঠক: সম্প্রতি একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের বিষয় এবং পরবর্তীতে তা অস্বীকার করা নিয়ে দলটিকে বড় ট্রাপে পড়তে হয়েছে বলে তিনি মনে করেন।
সবশেষে তিনি বলেন, জামায়াত-শিবিরের এই কৌশল বা খায়েশ কখনো সফল হবে না। বাংলাদেশপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করা হবে। এছাড়া রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র রুখে দিতে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি—এই টানা তিন মাসকে ‘ফ্যাসিবাদ দমনের মাস’ হিসেবে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Leave a Reply