ঢাকা: রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত ও ভোরে ঘটা এই দুই পৃথক ঘটনায় বাসগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্যই এই নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।
বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা ছিল ‘চিড়িয়াখানা সিটি পরিবহণ’-এর একটি বাস। দুর্বৃত্তরা ওই বাসে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা তা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে বাসটির পেছনের ১৪-১৬টি সিট, কাভার ও জানালার গ্লাস পুড়ে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শাহ আলী থানার এসআই (ডিউটি অফিসার) মো. রিপন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। এছাড়া ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে, একই দিন ভোরে (সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে) পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা অবস্থায় আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটি হলো ‘বিকল্প পরিবহণ’ ও ‘অভিজাত পরিবহণ’।
স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিকল্প পরিবহণের বাসটির সম্পূর্ণ সিট, গ্লাস ও বডি পুড়ে প্রায় আট থেকে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহণের পেছনের জানালার গ্লাস ও সিট পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতেই দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে।”
এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply