দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা: ২০২৭ সাল থেকে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

ঢাকা: দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে তুলতে ৫টি প্রধান উদ্যোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এআই শিক্ষা অন্তর্ভুক্ত করা, অত্যাধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপন এবং এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে, যেখানে ন্যানোপ্রযুক্তি, রোবোটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত অপরিহার্য। এই বাস্তবতায় আগামী প্রজন্মকে দক্ষ ও প্রস্তুত করে তুলতে সরকার আইসিটি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ষষ্ঠ শ্রেণি: কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস (IoT) এবং এআইভিত্তিক সার্চ টুলের সঠিক ব্যবহার।

অষ্টম শ্রেণি: এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং এবং সরকারি ই-সেবা।

নবম ও দশম শ্রেণি: এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ন্যানোপ্রযুক্তি।

একাদশ ও দ্বাদশ শ্রেণি: এআইয়ের পরিচিতি, দৈনন্দিন ও শিক্ষাক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ এবং উন্নত প্রযুক্তির নানা দিক।

শিক্ষার্থীরা যেন এআইয়ের সঠিক ব্যবহার করতে পারে এবং এর মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করতে শেখে, সেটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ তাদের পাঠ্যক্রমে ডিপফেক ও তথ্য যাচাইয়ের বিষয়টি যুক্ত করেছে। বাংলাদেশ ব্যাংকসহ সাম্প্রতিক কিছু সাইবার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি জানান, শিক্ষার্থীদের অনলাইন সেফটি, ফ্যাক্ট চেকিং এবং এআইয়ের দায়িত্বশীল ব্যবহার স্কুল পর্যায় থেকেই শেখানো হবে।

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকার বেশ কিছু বড় প্রকল্প হাতে নিয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে রয়েছে—

টেকনোলজি ল্যাব স্থাপন প্রকল্প: প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং ও রিনিউয়েবল এনার্জি ল্যাব স্থাপন করা হবে।

নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট: ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন ক্লাসরুম নির্মাণ করা হবে।

এছাড়া সম্প্রতি ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক ২০২৬’-এ বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এআইয়ের অপব্যবহার রোধ এবং আন্তর্জাতিক চুক্তির আওতায় দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *